কোম্পানীগঞ্জে ভবনের ছাদ ধসে শ্রমিক নিহত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ১৭:০৭
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় নির্মানাধীন ভবনের ছাদ ধসে ১ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
জানা যায়, মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার চরফকিরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হানিফ চুকানী বাড়ির আমেরিকান প্রবাসী হানিফের তিন তলা ভবনের ছাদ নির্মাণের শেষ মুহূর্তে হঠাৎ করে ধসে পড়ে। এ সময় ছাদের নিচে থাকা শ্রমিক নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দক্ষিণ হাতিয়ার গ্রামের এনায়েত (২৬) ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের সহায়তায় এনায়েতকে মৃত উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। 
কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান সাজিদ ঘটনার সত্যতা স্বীকার করে মামলার প্রস্তুতির কথা এ প্রতিবেদককে জানান।