আগেই ঢাকায় এসেছেন তিনি। আজ কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির হয়ে মাঠেও নেমে গেলেন সেই ড্যারেন স্টিভেন্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে যে ছয়জনের নাম এসেছিল তার সঙ্গে ইংলিশ এই ক্রিকেটারেরও নাম ছিল।
ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে বিপিএলের দ্বিতীয় আসরে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু বিপিএল ট্র্যাইব্যুনালে তিনিসহ ৬ জন নির্দোষ প্রমাণিত হয়েছেন। এই রায়ে মোহাম্মদ আশরাফুলসহ ঢাকা গ্ল্যাডিয়েটর্সের দুই কর্ণধার দোষী সাব্যস্ত হয়েছিলেন।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্যাট হাতে অবশ্য মোটেই সফল ছিলেন না ড্যারেন স্টিভেন্স। তবে, বোলিংয়ে সেই ব্যর্থতা পুষিয়ে দিয়েছেন। প্রাইম ব্যাংকের ইনিংসে যে দুটি উইকেট পড়েছে তার মধ্যে দুটিই পেয়েছেন তিনি। বিপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগ থেকে মুক্ত হওয়ার পর খেলেছেন ইংলিশ কাউন্ট্রি ক্রিকেটে। এবার ফিরলেন বাংলাদেশেও। সেই মুক্তির আনন্দই ঝড়লো ড্যারেন স্টিভেন্সের কণ্ঠে, ‘আমি ক্রিকেটে ফিরতে পেরে খুশি। বিপিএল খেলে এখানে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। দ্বিতীয় বছরে দুর্ভ্যাগবশত ম্যাচ ফিক্সিংয়ের মতো ছোট খাটো একটি বির্তকের মধ্যে পড়ে গেছি। আমার সঙ্গে এমন কিছুই হয়নি। আমি এখন সম্পূর্ণ নির্দোষ। আমি সত্যি খুব উচ্ছ্বসিত ক্রিকেটে ফিরতে পেরে।’
