লালমনিরহাটের হাতীবান্ধা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় অংশ না নিয়েও জিপিএ-৫ পেয়েছে।
ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম ও শাপলা আক্তার জানান, এ বছর প্রাথমিক সমাপনী (পিএসপি) পরীক্ষাতে ওই বিদ্যালয় থেকে ৯১ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে অনুপস্থিত ছিল পূর্ব সিন্দুনা গ্রামের হাছেন আলীর পুত্র সাজ্জাদ ইসলাম শাকিব। যার রোল নং ২৪৩৫; কিন্তু মঙ্গলবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, সাজ্জাদ ইসলাম শাকিব জিপিএ-৫ পেয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুননবী ওই ছাত্রের পরীক্ষা না দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কি কারণে এমনটি হলো তা নিয়ে আমি কোন মন্তব্য করতে পারবো না।
হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্বাস আলী ভুঁইয়া জানান, তার কাছে পরীক্ষা সংক্রান্ত সব কাগজপত্রে ওই ছাত্রের নাম রয়েছে। সে পরীক্ষা দেয়নি তা তিনি মানতে নারাজ।
