সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৩

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ১১:০২

বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে সিরাজগঞ্জের কড্ডায় ট্রাকের ধাক্কায় পুলিশ ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল বাতেন নামে এক পুলিশ সদস্যসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার জন। বুধবার ভোর পৌনে সাতটার দিকে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জ পুলিশ লাইন এ কর্মরত পুলিশ কনস্টেবল আব্দুল বাতেন (৩৮), পুলিশ পিকাপের চালক ঢাকার মিরপুর-১০ এর বাসিন্দা মফিজুর রহমান (৩০) ও বাস চালক নাটোর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার বাসিন্দা জাহিদ হাসান প্রামানিক (৪৫)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।   
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাস উত্তরবঙ্গে যাওয়ার পথে বুধবার ভোর পাঁচটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় পৌঁছে বিকল হয়ে যায়। বাসযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ওই মহাসড়কে টহলরত একটি পুলিশ পিকাপ সেখানে পৌঁছে বাসটির সামনে অবস্থান নেয়। এ সময় পুলিশ কনস্টেবল বাতেন, পুলিশের রিকুইজিশন করা পিকাপের চালক মফিজুর ও বাস চালক জাহিদ বাস এবং পুলিশ পিকাপের মাঝখানে দাঁড়িয়ে ছিল।
প্রচণ্ড কুয়াশার মধ্যে ভোর পৌনে সাতটার দিকে আকস্মিকভাবে ঢাকা থেকে রাজশাহীগামী একটি ট্রাক বাসটিকে পিছন থেকে ধাক্কা দিলে বাসটি সামনে দাঁড়িয়ে থাকা ওই তিন জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। আহত হন বাস ও পুলিশ পিকাপে থাকা আরো চার জন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক রয়েছে। এ ঘটনায় মামলা হবে।