জামায়াত নিষিদ্ধে জনমত আদায়ে ৫ জানুয়ারি ওয়াশিংটনে সমাবেশ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ১৩:২৯
 
যুদ্ধাপরাধের বিচার এবং জামায়াত-শিবির নিষিদ্ধে আন্তর্জাতিক জনমত আদায়ে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজ এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আগামী ৫ জানুয়ারি সমাবেশের কর্মসূচি দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। 
স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ ড. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, ৫ জানুয়ারি সোমবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হোয়াইট হাউজ এবং মার্কিন পররাষ্ট্র দফতরের সামনে সমাবেশ করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নেয়া হয়েছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে আয়োজন করা হলেও এ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ প্রবাসীরা অংশ নেবেন। 
ড. সিদ্দিকুর রহমান আরো জানান, যুদ্ধাপরাধের বিচার এবং জামায়াত নিষিদ্ধ করার ব্যাপারে সঠিক চিত্র মার্কিন সরকারের কাছে তুলে ধরতেই ৫ জানুয়ারিরর সমাবেশের আয়োজন করা হয়েছে। এটি হবে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ। সমাবেশে প্রায় হাজার লোকের উপস্থিতি ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।  
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন। লিখিত বক্তব্যে বলা হয়, যুদ্ধাপরাধের বিচার এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে ২০১৩ সালে বিএনপি-জামাত আন্দোলনের নামে জ্বালাও পোড়াও ও মানুষ হত্যার উন্মাদনায় মেতে ওঠে। এসব কর্মকা-ের দায়ে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে। 
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী ও চন্দন দত্ত প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ বসারত আলী, লুৎফুল কবীর, শাহানারা রহমান, মহিউদ্দিন দেওয়ান, হাজী এনাম, তৈয়বুর রহমান টনি,  আব্দুল মালেক, মাহবুবুর রহমান টুকু, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর এইচ মিয়া প্রমুখ। 
 
যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ সমাবেশ
এদিকে, আগামী ৫ জানুয়ারি জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ করবে যুক্তরাষ্ট্র বিএনপি।
সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গিয়াস আহমেদ জানিয়েছেন, ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসাবে পালন করবে বিএনপি। এদিন জাতিসংঘের সামনে বেলা দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ হবে। দলমত নির্বিশেষে সকল প্রবাসীকে বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সিনিয়র সহ-সভাপতিদ গিয়াস আহমেদ এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল।