নিখোঁজের ৪ দিন পর লাশ উদ্ধার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ১৩:৩৮
 
ফরিদপুরের সালথায় নিখোঁজের চারদিন পর রুহুল আমিন (২৫) নামে এক মোটরসাইল চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের আজলপট্টি গ্রাম থেকে তার লাশ উদ্ধার  করা হয়। রুহুল আমিন উপজেলা সদরের খোলশাডুবি গ্রামের আক্কাছ মোল্লার ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রুহুল আমিন দীর্ঘদিন ধরে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় তিনি সালথা বাজার থেকে যাত্রীসহ মোটরসাইকেল নিয়ে সোনাপুর  বাজারের দিকে যাওয়ার পর থেকে নিখোঁজ হন।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডী এম বেলায়েত হোসেন বলেন, চার দিন আগে রুহুল আমিন মোটরসাইকেলসহ নিখোঁজ হন বলে থানায় একটি জিডি করা হয়। সকালে খবর পেয়ে আমিসহ সঙ্গীয় ফোর্স আজলপট্টি এলাকার একটি পুকুর পাড় থেকে রুহুলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।