জামায়াতের ডাকা হরতালের প্রথম দিন বুধবার গাজীপুরের চান্দনা চৌরাস্তা এবং টঙ্গীতে ঝটিকা মিছিল করেছে হরতাল সমর্থকরা। এসময় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেয়া হয়েছে। এছাড়া হরতালকে কেন্দ্র করে টঙ্গী ও গাজীপুর থেকে চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে হরতাল সমর্থকরা টঙ্গীর পৌরসভা গেট এলাকায় মিছিল বের করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে ও ধাওয়া করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে এক শিবিরকর্মীকে আটক করা হয়।
এদিকে সকালে হরতালকারীরা চান্দনা চৌরাস্তা এলাকায় ঝটিকা মিছল বের করে এবং ঢিল ছুড়ে কয়েকটি গাড়ির কাঁচ ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করলে হরতালকারীরা পালিয়ে যায়।
দুপুর ১২টার দিকে চান্দনা চৌরাস্তা ঢাকাগামী সাতাইশ পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় হরতাল সমর্থকরা। এতে বাসের কয়েকটি সিট পুড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা আগুন দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
হরতালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ স্থানীয় বিভিন্ন সড়কে যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অধিকাংশ দোকানপাট বিপণীবিতান খোলা রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাশকতার অভিযোগে রাতে জয়দেবপুর থানা এলাকা দুই জন এবং শ্রীপুর থানা এলাকা থেকে এক জামায়ত-শিবির কর্মীকে আটক করা হয়।
