মিলানের কাছে রিয়ালের হার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ১৪:৩১
 
প্রীতি ম্যাচে এসি মিলানের কাছে হেরে গেছে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দুবাইয়ের সেভেন্স স্টেডিয়ামে ৪-২ গোলে হারে দলটি।
২৪ মিনিটে রিয়াল ডিফেন্ডার নাচো গোলরক্ষক কেইলর নাভাসকে বল বাড়িয়ে দিলে সেই বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে মেনেজ ইতালিয়ান জায়ান্টদের এগিয়ে দেন। ৩১ মিনিটে পেনাল্টি এরিয়ার মধ্যে বল পেলে এল শারাভি ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন। এর ৪ মিনিট পরে মধ্যমাঠ থেকে জেসে রুদ্রিগেজ রোনালদোর দিকে বল বাড়িয়ে দিলে রোনালদোর দারুণ এক শটে রিয়ালের সাবেক গোলরক্ষক দিয়েগো লোপেজকে পরাস্ত করেন। 
দ্বিতীয়ার্ধে মূল একাদশকেই পরিবর্তন করে মাঠে নামে রিয়াল। শুরুর দিকে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি দলটি। বিপদজ্জনক হয়ে উঠেছিল মিলানও। এরই ধারাবাহিকতায় এল শারাভি এবং গিয়ামপাওলো পাজ্জিনির দুই গোলে মিলানের জয় নিশ্চিত হয়। ৮৪ মিনিটে অবশ্য বেনজেমার স্পট কিক থেকে রিয়াল সান্ত্বনাসূচক দ্বিতীয় গোলটি করে।