মেহেরপুরে বাস থেকে হেলপারের লাশ উদ্ধার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ১৫:২৭
মেহেরপুর বাস স্ট্যান্ডে শ্যামলী পরিবহনের একটি বাসের ভিতর থেকে নাহারুল ইসলাম বাবু (৩৯) নামে ওই বাসের হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার দুপুর পৌনে বারটার দিকে মরদেহ উদ্ধার করে। নাহারুল ইসলাম বাবু গাংনী শহরের ঈদগাহ পাড়ার আবুল কাশেমের ছেলে।
বাবুর ছোট ভাই মিজারুল ইসলাম বলেন, ‘সোমবার সকালে বাড়ি থেকে বের হন বাবু। মঙ্গলবার বিকালে তার বাড়ি ফেরার কথা ছিল। কী কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে পারছেন না বাবুর পরিবারের সদস্যরা।
মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকা থেকে যাত্রী নিয়ে মেহেরপুর পৌঁছায়। পরবর্তী সময়ে ঢাকার গন্তব্যে যাওয়ার লক্ষ্যে বাসটি বাস স্ট্যান্ড এলাকায় অপেক্ষমাণ রাখা হয়। রাতে ওই বাসে শুয়ে ছিলেন নাহারুল ইসলাম বাবু। অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে মরদেহ উদ্ধারের সময় ওই বাসের চালক কিংবা সুপারভাইজার ঘটনাস্থলে ছিলেন না। লাশ ময়না তদন্তের প্রস্তুতি চলছে।