বৃষ্টির কারণে মঙ্গলবার দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার পর সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এখন কেপ টাউন সফর করবে।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ৮ উইকেটে ৪১৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারিয়ে ২৭৫ রান করার পর ম্যাচের শেষ দিন কোনো বল মাঠে না গড়াতে পারায় শেষ পর্যন্ত ড্র দিয়ে শেষ হয় দ্বিতীয় টেস্ট। তিন ম্যাচ সিরেজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে শুক্রবার তৃতীয় টেস্ট শুরু করবে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হাশিম আমলা বলেন, মঙ্গলবার পুরোদিন খেলা সম্ভব হলে ম্যাচের ফল অন্য কিছুৃ হতে পারত। তিনি বলেন, ‘আমরা শেষ উইকেটটি তাড়াতাড়ি ফেলে দেয়ার এবং তারপর তাদেরকে ৫০-৬০ ওভারে করার মত একটা টার্গেট দিতে চেষ্টা করেছিলাম।’
আমলা বলেন, দলের পারফরমেন্সে তিনি সন্তুষ্ট। তিনি বলেন, প্রকৃত সত্য হচ্ছে উইকেট ফেলার জন্য দ্বিতীয় দিনে মাত্র ছয় ওভার খেলা সম্ভব হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক দিনেশ রামদিন বলেন মারলন স্যামুয়েলসের সেঞ্চুরি এবং ক্রেইগ ব্র্যাথহোয়াইটের ম্যাচ সেরা হওয়া তার দলের জন্য জীবনী শক্তি। তিনি বলেন,‘ আশা করছি এরা দুজন এমন ফর্ম অব্যাহত রাখতে পারবেন এবং শিবনারায়ন চন্দরপল ও আমি নিজে তাদেরকে সহযোগিতা করতে পারব।’
রামদিন বলেন, সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের তুলনায় ওয়েস্ট ইন্ডিজ বোলাররা এ ম্যাচে অনেক ভাল বোলিং করেছেন।
