নেশার টাকার জন্য ছেলেকে খুন

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ০১:৪৫

বুধবার রাত ৮টায় রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বাবা আমিনুল ইসলামের (৪৫) হাতে খুন হয়েছে ছেলে আবু রায়হান(২২)। আমিনুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে নেশার টাকা না দেওয়ায় ছেলেকে কুপিয়ে হত্যা করেছে আমিনুল। নিহত রায়হানের মায়ের বরাত দিয়ে বদরগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) আব্দুল লতিফ বলেন, “দিনমজুর আমিনুল নেশায় আসক্ত। সপ্তাহে একদিন কাজ করেন তো, ছয়দিনই বাড়িতে বসে থাকে। ছেলে আবু রায়হান রাজধানীতে একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। নবজাতক সন্তানকে দেখার জন্য মঙ্গলবার রাতে বাড়ি এসেছিলেন রায়হান।
সন্ধ্যা থেকে নেশার জন্য ছেলের কাছে কয়েকবার টাকা চান আমিনুল। রায়হান টাকা না দিতে চাইলে ঘর থেকে দা নিয়ে এসে রায়হানের গলায় কোপ মারেন আমিনুল। রায়হান ঘটনাস্থলেই মারা যান”।
ময়না তদন্তের জন্য রায়হানের লাশ থানায় রাখা হয়েছে বলে জানিয়ে আব্দুল লতিফ বলেন,  “বাদী কে হবেন সে বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত না হওয়ায় মামলা দায়েরে বিলম্ব হচ্ছে।”