বাণিজ্য মেলার উদ্বোধন

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ১৩:৫৬

আজ থেকে পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০তম এই মেলার উদ্বোধন করেন।
রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী এ মেলায় বাংলাদেশসহ এবার অংশ নিয়েছে মোট ১৫টি দেশ। ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অষ্ট্রেলিয়া, বৃটেন, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও জার্মানি অংশগ্রহণ করছে। মোট ২লাখ ৪৬ হাজার বর্গফুট স্পেসের মেলায় প্যাভিলিয়ন থাকছে ৯৭টি, মিনি প্যাভিলিয়ন থাকছে ৫৮টি, মোট স্টল থাকছে ৩৫১টি, রেস্তোরাঁ ১০টি, মা ও শিশু পরিচর্যা কেন্দ্র থাকছে ৪টি।
এবারের বাণিজ্য মেলায় প্রবেশ মূল্য থাকছে ৩০টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জনপ্রতি ২০টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
দর্শনার্থীদের সুবিধার্থে আমব্রেলা স্পট নির্মাণ করা হয়েছে, থাকছে আনসার, পুলিশ, র্যাব ও বিজিবি।
বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে কয়েকটি প্যাভিলিয়ন ও স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।