কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ১৯:৩৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় একটি যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে এবং এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। নিহত ও আহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। এ ঘটনার পর এলাকার উত্তেজিত জনতা ঘাতক বাসটি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা থেকে ঢাকা অভিমুখি বেপরোয়া গতিসম্পন্ন এশিয়া লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিমসার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুর্ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার চালক জেলার আদর্শ সদর উপজেলার ঘোড়ামারা এলাকার আবদুল করিমের পুত্র রনি (৩৫), যাত্রী বুড়িচংয়ের কাকিয়ারচর গ্রামের জয়নাল আবেদিনের পুত্র ইব্রাহীম খলিল (৪৪) মারা যান। এ ঘটনায় আহত বুড়িচং উপজেলার মাধবপুর গ্রামের অহিদুল ইসলাম মেয়ে নিলুফা আক্তার (২৬) ও অজ্ঞাতনামা একজন পুরুষ (২৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়। অপর আহত আঁখি আক্তার (১২) ও সুরভীর (১৪) অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি সোহেল আহমেদ জানান, হতাহতরা সিএনজি অটোরিকশার যাত্রী। এ মর্মান্তিক ঘটনার পর উত্তেজিত জনতা এশিয়া লাইন পরিবহনের ঘাতক বাসটিতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর কুমিল্লা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।