শরীয়তপুরে হলুদের অনুষ্ঠানে এসিড হামলায় বরসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। বুধবার রাতে ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামে ইদ্রিস সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- বর সেলিম সরকার (৩০), তার ভাগ্নে সিয়াম (৪), ভাগ্নী রাবেয়া (৫), তোহরা বেগম (১৭) ও ভাতিজি শাহিনা আক্তার (২২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সখিপুর থানার ওসি সমির সরকার জানান, উত্তর তারাবুনিয়া গ্রামে মৃত ইদ্রিস সরকারের ছেলে সেলিম সরকারের সঙ্গে বৃহস্পতিবার একই উপজেলার আনন্দ বাজার এলাকার এক মেয়ের বিয়ের আয়োজন চলছিল। বুধবার বরের বাড়িতে চলছিল গায়ে হলুদের অনুষ্ঠান।
রাত সাড়ে ১১টায় দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে হলুদ অনুষ্ঠানে হামলা চালায়। এ সময় তারা বর সেলিমকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এতে সেলিমসহ তার পাশে থাকা আরো চারজন দগ্ধ হন। আহতদের প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
