দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার ইংরেজি নববর্ষ ২০১৫ সালের প্রথম দিনে সকালে ইতিবাচক অবস্থানের মধ্যদিয়ে শেয়ার লেনদেন শুরু হয়েছে।
নতুন বছরের প্রথম কার্যদিবসে উদ্বোধনী সেশনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ৩৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। ব্লু চিফ হিসাবে পরিচিত ডিএস-৩০ এবং শরীয়াহ ডিএসইএম’র সূচকও বৃদ্ধি পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ২০১৪ সালের সর্বশেষ সূচক ছিল ৪৮৬৪.৯৬ পয়েন্ট। ডিএস-৩০ সূচক ছিল ১৮০৩.০৫ এবং শরীয়াহ ডিএসইএম সূচক ছিল ১১৫০.২২ পয়েন্ট।
বাজার বিশ্লেষকরা বলেছেন, গত দু’দিনে বাজার ছিল ইতিবাচক। দীর্ঘ সময় পর বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হয়েছেন।
বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেয়া সর্বশেষ সিদ্ধান্ত বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলেছে। গত বুধবার বিএসইসি কিছু কোম্পানীর শেয়ার নেটিং-এর অনুমোদন দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। এই নেটিং ব্যবস্থায় কোন বিনিয়োগকারী একটি কোম্পানীর শেয়ার বিক্রি করে দেয়ার পর একই দিনে পুনরায় কিনতে পারবেন। তবে শুধুমাত্র এ, বি, জি এবং এন ক্যাটাগরির শেয়ারে নেটিং করা যাবে। জেড ক্যাটাগরির শেয়ারে নেটিং করা যাবে না।
