সিরাজগঞ্জে গণপিটুনিতে ২ 'চাঁদাবাজ' নিহত

আপডেট : ০২ জানুয়ারি ২০১৫, ১০:৪৫



সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় স্বর্ণের দোকানে চাঁদাবাজি করতে গিয়ে গনপিটুনিতে দুই চাঁদাবাজ নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার ঝাঐল বাজারে গনপিটুনির এ ঘটনাটি ঘটে।নিহতদের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার বারাঙ্গা গ্রামের মজনুর (৩৫) নাম পাওয়া গেলেও অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।   
কামারখন্দ থানা, রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার কামারখন্দ উপজেলার ঝাঐল বাজারের স্বর্ণ ব্যবসায়ী রামচন্দ্র সরকারের দোকানে প্রায়ই চাঁদা নিতে আসত স্থানীয় সন্ত্রাসী মজনুসহ তিনজন। এক পর্যায়ে রামচন্দ্র বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের জানালে তারা ঐ চাঁদাবাজদের প্রতিরোধ করার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত দশটার দিকে মজনুসহ তিনজন একটি মোটরসাইকেল নিয়ে রামচন্দ্রের দোকানে চাঁদার টাকা নিতে আসলে স্থানীয়রা তাদের ধাওয়া করে মজনুসহ দুইজনকে আটক করে গনপিটুনি দেয়। অপর সন্ত্রাসী মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।
গনপিটুনিতে ঐ দুই সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হলে তাদের একজনের মৃতদেহ রেললাইনের উপরে ও মজনুর লাশ রেললাইনের পাশে ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে রাত তিনটার দিকে সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) পুলিশ রেললাইনের উপর থাকা লাশ ও কামারখন্দ থানা রেললাইনের পাশ থেকে মজনুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত মজনু এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে কামারখন্দ থানাসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি ও হত্যার একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।