বরিশালের উজিরপুরে স্কুল শিক্ষককে হত্যা

আপডেট : ০২ জানুয়ারি ২০১৫, ২৩:৫২

শুক্রবার সন্ধ্যায় বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামে বিপুল কৃষ্ণ চক্রবর্তী (৫৮) নামের এক শিক্ষককে তার নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বিপুল কৃষ্ণ চক্রবর্তী উজিরপুর ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউটের ধর্মীয় শিক্ষক ছিলেন।

নিহতের ভাগ্নে অসীম চট্টোপাধ্যায় জানান, শুক্রবার সভা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি ফিরছিলেন বিপুল কৃষ্ণ। বাড়ির সামনে আসতেই ৭/৮ জন মুখোশধারী দুর্বৃত্ত তার উপর হামলা চালায় এবং তাকে এলোপাতারি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিছু সময় পর তার মৃত্যু হয়।

উজিরপুর থানার ওসি নূরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। নিহতের মাথা ও শরীরে গুরুতর জখম রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকার জানয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।