বরিশালের প্রাচীন জমিদার বাড়িতে শিল্পকর্ম প্রদর্শনী শুরু

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ০০:৫৪

‘উড়ন্ত’ নামের একটি আবাসিক শিল্প প্রদর্শনী সংগঠন নগর সংলগ্ন লাকুটিয়া জমিদার বাড়িতে সপ্তাহব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু করেছে। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। কর্মসূচিতে অংশগ্রহইকারী শিল্পীগণ তাদের নিজ নিজ মাধ্যমে বাড়ির গঠন, ইতিহাস, অতীত-ভবিষ্যত্ ইত্যাদি নানা বিষয়ে নান্দনিক উপস্থাপনা তুলে ধরবেন। ৩শ’  বছরেরও বেশি পুরনো এ বাড়ির দেয়ালে মিশে আছে ১৯৫০-এর দশকে দাঙ্গার স্মৃতি। নানা স্মৃতি বিজড়িত এ বাড়িতে শিল্পীরা একান্ত ঘনিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপ করে স্মৃতিকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা করবেন বলে সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়।

‘উড়ন্ত’র পক্ষ থেকে জানানো হয়েছে, লাকুটিয়া জমিদার বাড়িকে ঘিরে কর্মসূচির এই পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে থাকছেন আধুনিক ধারার দেশি-বিদেশি  শিল্পীরা। শিল্পীদের মধ্যে  রয়েছেন অদিতি গুপ্তা (ভারত) জিনাল পাটেল (ভারত) শিশির থাপা (ভারত) তাপস সরকার (ভারত) হামিদা খাতরি (পাকিস্তান) তাসমিন চৌধুরী (বাংলাদেশ)   ফাহাদ আল আলম (বাংলাদেশ) ফরহাদ রহমান (বাংলাদেশ) শাহারিয়ার শিহাব (বাংলাদেশ) নাজিম উদ্দিন খান (বাংলাদেশ) প্রমুখ। শিল্পীরা গতকাল থেকেই ঐ বাড়িতে পৌঁছে  সাহিত্যচর্চা, আলোকচিত্র, ইনস্টলেশন আর্ট, লোকজ চিত্রশিল্প, পারফর্মেন্স আর্ট ও আরও নানা মাত্রার শিল্প মাধ্যমের ব্যবহারিক কাজ শুরু করেছেন।

৮ ও ৯ জানুয়ারি সকল শিল্পকর্ম সাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জমিদার বাড়িতে আগত শিল্পীরা জানান।