সাগরে বিমানের ‘বড় দুই অংশের’ সন্ধান

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ১২:০৭
 
জাভা সাগরের তলদেশে এয়ার এশিয়ার কিউজেড৮৫০১ ফ্লাইটের ‘দুইটি বড় অংশ’ উদ্ধারকর্মীরা খুঁজে পেয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া। শনিবার দেশটির কর্মকর্তারা এই তথ্য জানান।
গত রবিবার ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে জাভা সাগরে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
বিমান সন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রান বামব্যাং বলেন, পানির নিচে ৩০ মিটার গভীরে আমরা বড় দুইটি বস্তুর সন্ধান পেয়েছি। এখন আমরা আরওভি (রিমোটলি অপারেটেডেট আন্ডারওয়াটার ভেহিকেল) যন্ত্রের সাহায্যে ছবি তোলার প্রস্তুতি নিচ্ছি। 
বিধ্বস্ত বিমান, মৃতদেহ ও ব্ল্যাকবক্স উদ্ধারের জন্য বিভিন্ন দেশের জাহাজ, বিমান ও হেলিকপ্টার উদ্ধার কাজ চালাচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ৩০টি মৃতদেহ উদ্ধার করা গেছে। বিমানটির মূল অংশ এখনো পাওয়া যায়নি। বেশিরভাগ মৃতদেহ সেখানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি ও রয়টার্স।