আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া ব্রিসবেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট সহজ জয়ের মাধ্যমেই শুরু করতে চাচ্ছেন রজার ফেদেরার। আর এজন্য ২০১৫ সালের নতুন বছরের প্রথম টুর্নামেন্টে প্রতিপক্ষ হিসেবে হয় ওয়াইল্ড কার্ড অথবা বাছাই কোনো খেলোয়াড়কে দেখতে চান সুইস সুপারস্টার।
ব্রিসবেনে খেলার উদ্দেশে শনিবার অস্ট্রেলিয়ায় এসে পৌঁছেছেন ফেড এক্স। অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি মূলক এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। যেখানে তার প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। গত বছর ফাইনালে অস্ট্রেলিয়ান অভিজ্ঞ লেটন হিউয়েটের কাছে হেরে হতাশ হয়েছিলেন ফেদেরারকে। হিউয়েট প্রথম ম্যাচে সতীর্থ স্যাম গ্রোথের মুখোমুখি হবে। শনিবার অনুষ্ঠিত ড্র অনুযায়ী দেখা যায় হিউয়েট এবং ফেদেরার ড্র’য়ের বিপরীত দুটি দিকে রয়েছেন। ফাইনালের আগে তাদের সাক্ষাতের কোনো সম্ভাবনা নেই। ফাইনালে যেতে হলে অবশ্য হিউয়েটের সামনে পথটা বেশ বন্ধুর। দ্বিতীয় রাউন্ডে তার সম্ভাব্য প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকান কেভিন এ্যান্ডারসন এবং কোয়ার্টার ফাইনালে মিলোস রাওনিক।
আগামী ১৯ জানুয়ারি থেকে মেলবোর্নে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে।
