স্পিনাররা বিশ্বকাপে মুখ্য ভূমিকা রাখবে: মুশতাক আহমেদ

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ১৬:৪৫
 
 
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপে স্পিনারদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে মনে করছেন পাকিস্তান দলের স্পিন বোলিং কোচ মুশতাক আমহমেদ। সাবেক এই লেগ স্পিনার বলেছেন, সাধারণত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পিচে পেস বোলাররাই প্রাধান্য বিস্তার করে থাকে তথাপি স্পিনাররা একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে তার বিশ্বাস।
 
মুশতাক বলেন, ‘সময়ের আবর্তে আক্রমণের জন্য স্পিনাররা প্রয়োজনীয় হয়ে উঠছে এবং ৫০ ওভার ফর্মেটে সকল দলই বিকল্প হিসেবে মন্থর গতির বোলারদের বিবেচনা করছে। এর প্রথম কারণ হচ্ছে আজকের দিনে ওয়ানডে ম্যাচে পিচের আচরণের কারণে বিশ্বের সব স্থানেই তাদের প্রতি কম/বেশি প্রত্যাশা থাকে।’

সাঈদ আজমল ও মোহাম্মদ হাফিজের বোলিংয়ে নিষিদ্ধাদেশ থাকায় বিশ্বকাপে পাকিস্তান দলের পারফরমেন্সে প্রভাব পড়বে বলে স্বীকার করেন মুশতাক। সাবেক এ স্পিন গ্রেট বলেন, ‘অবশ্যই। কারণ সামপ্রতিক সময়ে ওয়ানডে ম্যাচে পাকিস্তান দলের স্পিন বোলিংয়ের মুল দায়িত্ব পালন করে আসছে আজমল, হাফিজ ও শহিদ আফ্রিদি। অতএব অবশ্যই এটা একটা পার্থক্য সৃস্টি করবে।’