শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মকে আধুনিক বিশ্বমানের শিক্ষা দিয়ে জাতি গঠন করতে হবে। তাহলেই একমাত্র আমাদের বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে। তিনি আরো বলেন, বিশ্বের কোন দেশের নারী/পুরুষ সমান তালে শিক্ষিত হতে পারেনি। বর্তমান আওয়ামী লীগ সরকার ২০১২ সাল থেকে ১৫ সালের মধ্যে ছেলে-মেয়ে, নারী-পুরুষ সমান তালে শিক্ষায় শিক্ষিত করতে স্বার্থক হয়েছে।
জামালপুরে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে বলেন, বিশেষ একটি দল বিগত দিনে হরতাল, পেট্রোল বোমা, গাড়ি ভাংচুরের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা ও বই বিতরণে বাধার সৃষ্টি করে জাতিকে অশিক্ষিত রাখতে চেয়েছিল। কারণ তারা সুশিক্ষিত জাতি চায় না, দেশের ভাল ও উন্নতি চায় না। তাই তারা ব্যর্থ হয়েছেন। এ ছাড়া তিনি কারিগড়ি শিক্ষার প্রতি বেশিবেশি গুরুত্ব আরোপ করেন। তিনি এই বলে সকলকে সতর্ক করে দেন, শিক্ষায় মুনাফা চলবে না।
শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক আজিজুর রহমান বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্র মীর্জা আজম এমপি, স্থানীয় সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল, জামালপুরের জেলা প্রশাসক সাহাব উদ্দিন খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক ছাত্র (অব.) ব্রিগেডিয়ার মোস্তাফিজুর রহমান, ব্রিগেডিয়ার ইলিয়াছ আলী, (অব.) কর্নেল রেজাউল করিম, এফবিবিসিসি আইয়ের কেন্দ্রীয় পরিচালক রেজাউল করিম রেজনু, উপজেলা চেয়ারম্যান নবীনেওয়াজ খান লোহারী বিপুল, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল বারী মন্ডল, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হক জিয়া, ডা. রুহুল কুদ্দুস ফোরকান, বিশ্ববিদ্যালয় কলেজের উপাধক্ষ্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মেদ, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরী, আব্দুল আওয়াল খানলোহানী, প্রতিষ্ঠনের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাদল প্রমুখ।
