বাল্যবিবাহ ঠেকাল কিশোরী নিজেই

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ১৮:৫৬
 
 
নিজ উদ্যোগে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার অষ্টম শ্রেণির এক ছাত্রী। মেয়েটি ধরখার ইউনিয়নের রানীখার এসএ হান্নান মাধ্যমিক ও কারিগরি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার এই বিয়ের আয়োজন করা হয়। রাত আটটার দিকে বরযাত্রীরা বাড়িতে পৌঁছলে মেয়েটি পালিয়ে গ্রামের স্কুলশিক্ষক মুজিবুর রহমান ওরফে আজাদ মাস্টারের বাড়িতে আশ্রয় নেয়। পরে ওই শিক্ষক বিষয়টি আখাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি বিয়ে বন্ধ করতে স্থানীয় পুলিশকে নির্দেশ দেন। পরে স্থানীয় ফাঁড়ির পুলিশ মেয়েটির বাড়িতে পৌঁছলে বরসহ অন্যরা পালিয়ে যায়।
 
ধরখার ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মজিবুর রহমান জানিয়েছেন, মেয়েটিকে গ্রামের মাতব্বরদের উপস্থিতিতে অভিভাবকের কাছে দেয়া হয়েছে। সেই সঙ্গে মেয়েটির বাবা-মা উপস্থিত লোকজনের সামনে নির্ধারিত বয়সের আগে মেয়েকে বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।