বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার স্বন্দীপ চক্রবর্তী বলেছেন, বাংলাদেশ ভারত দুইটি পৃথক দেশ হলেও অন্তরে, মনেপ্রাণে এক ও অভিন্ন। বাংলাদেশের মনিপুরী সম্প্রদায়ের সংস্কৃতির বিকাশে সহযোগিতা করে ভারত সরকার গর্বিত। মনিপুরী সংস্কৃতি কমপ্লেক্সে সু-ব্যবস্থা ও এটি সুন্দরভাবে পরিচালনা করতে হবে। ভবিষ্যতে বাংলাদেশের মনিপুরী সম্প্রদায়ের সংস্কৃতি চর্চায় ভারতীয় খ্যাতিমান প্রশিক্ষক এনে প্রশিক্ষণ দেয়া হবে।
শনিবার সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজারের আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামে মৈথৈ মনিপুরী সম্প্রদায়ের নির্মিত মণিপুরী কালচারাল কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শশি মোহন সিংহের সভাপতিত্বে কল্যাণ সিংহের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার স্বন্দীপ চক্রবর্তী। প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে ঐতিহ্যবাহী মৈথৈ মণিপরী প্রথায় তাকে বরণ করে নেয়া হয়।
জনা গেছে, বাংলাদেশের মৈথৈ মণিপরী সম্প্রদায়ের সংস্কৃতির উন্নয়নে ভারত সরকারের অর্থায়নে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে গত বছর মনিপুরী কালচারাল কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়।
