ড্রাইভিং শিখতে গিয়ে স্কুলের দেয়াল ভাঙলেন রাসিক মেয়র

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ১৯:১৮



ড্রাইভিং (গাড়ি চালানো) শিখতে গিয়ে নগরীর একটি স্কুলের সীমানা প্রাচীর ভেঙে ফেলছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। শুক্রবার মধ্যরাতে নগরীর উপ-শহর এলাকার স্যাটেলাইট টাউন হাই স্কুলে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে বিকট শব্দ শুনে তারা বাইরে এসে দেখেন পিকআপের ধাক্কায় স্কুলের দেয়াল ভাঙ্গে গেছে। এ সময় তারা ঘটনাস্থলে মেয়র বুলবুলকে দেখে হতভম্ব হয়ে যান। কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই মেয়র ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তার গাড়ির চালক দুর্ঘটনা কবলিত গাড়িটি নিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের একজন কর্মচারী জানান, মেয়র বুলবুল চালককে পাশে বসিয়ে স্যাটেলাইট টাউন হাই স্কুল মাঠে গাড়ি চালানো শিখছিলেন। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি স্কুলের প্রধান ফটকের পাশের সীমানা প্রাচীরে ধাক্কা খায়। এতে দেয়ালের খানিকটা অংশজুড়ে ভেঙে পড়ে।
এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে রাসিক মেয়রের ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব বলেন, গাড়ি চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে মেয়র বুলবুল আঘাত পেয়েছেন। তবে আঘাত গুরুতর নয়।