৫ জানুয়ারি ঢাকায় ২০ দলীয় জোটের কর্মসূচি কেন্দ্র করে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রবিবার বিকাল পর্যন্ত পুলিশ বিএনপি-জামায়াতের ১৮ নেতা-কর্মীকে আটক করেছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান— রবিবার সকালে নগরীর মতিহার থানার ডাঁশমারি এলাকা থেকে মহানগর বিএনপির সহসভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মহিতার থানা বিএনপির প্রচার সম্পাদক আলাউদ্দিনকে আটক করা হয়। তাদের নাশকতা প্রতিরোধ আইনে আটক দেখানো হয়েছে। এ ছাড়া, দুপুরে মহানগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি সিদ্দিকুর রহমানকে আটক করা হয়েছে। এর আগে পুলিশের বিশেষ অভিযানে ২ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নোমানুল ইসলাম নোমানসহ ১৫ বিএনপি-জামায়াত নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
