না.গঞ্জ দখলের ঘোষণা শামীম ওসমান ও আ.লীগের

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ২২:৫৬

৫ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলাকে দখল করে নিজেদের আয়ত্বে রাখার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক সভায় তাঁরা বলেছেন, ‘আওয়ামী লীগকে ভেদ করে ঢাকা তো দূরের কথা, কোন স্থানেই বিএনপি কিংবা জামায়াত-শিবির মিছিল করতে পারবে না।’

রোববার বিকেলে শহরের দুই নং রেল গেট এলাকাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান ও উপস্থিত নেতারা এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, সোমবার সকাল থেকে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের সুলতানা কামাল সড়কে নেতাকর্মীরা অবস্থান নিবে। সোনারগাঁয়ে কাঁচপুর সেতুর দুই পাড় থাকবে আওয়ামী লীগের দখলে। ফতুল্লার সাইনবোর্ড, ফতুল্লার পঞ্চবটি ও পাগলাতে তিনটি স্পটে নেতাকর্মীরা থাকবে। শিমরাইল মোড়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের লোকজন থাকবে।
শামীম ওসমান আরো বলেন, ‘সোমবার প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মীরা স্ব স্ব ওয়ার্ডে কাজ করবেন। যদি কোন ওয়ার্ডে জামায়াত শিবির ও বিএনপি কোন ধরনের নাশকতা করে তাহলে বুঝতে হবে ওই ওয়ার্ড ব্যর্থ। নারায়ণগঞ্জে বিএনপি, জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি শামীম ওসমান বলেন, ‘আপনারা সাবধানে থাকুন। আমরা নারায়ণগঞ্জে বিএনপি, জামায়াত ও শিবিরের সকলের বাড়ি চিনি। নাশকতা করবেন তো বাড়ি থেকে ধরে নিয়ে আসবো। জনগণ আপনাদের রেহাই দিবে না। কঠোর ভাষায় জবাব দেওয়া হবে। আপনারা যে ভাষায় কথা বলবেন আমরা সে ভাষাতেই কথা বলাবো। অতএব বি কেয়ারফুল। যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্ম সেই নারায়ণগঞ্জে বিএনপি জামায়াত অরাজকতা করবে সেটা সহ্য করা হবে না। প্রয়োজনে মুহূর্তের মধ্যে লাখো জনতা জড়ো করে প্রতিহত করা হবে।’
তিনি বলেন, ‘অনেক ছাড় দিয়েছি আর না। বিগত বিএনপি সরকারের আমলে আমরা বাড়ি ছাড়া ছিলাম। সেসব কথা ভুলে গিয়েছিলাম। কিন্তু যখন বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করা হয়েছে সেহেতু আর কোন ছাড় হবে না। শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা হলে আমরাও এর কঠোর ভাষায় জবাব দিব। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ অন্য সময়ের চেয়ে আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, আমাদের সঙ্গে পাল্লা দিতে আসবেন না। আমি শামীম ওসমান না থাকলেও নেতাকর্মীরা ষড়যন্ত্র প্রতিহত করবে।’
শামীম ওসমান বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কঠোর সমালোচনা করে তাদেরকে ‘উন্মাদ, পাগল, মানসিক বিকৃত’বলেও মন্তব্য করেন।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান দিপু, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, সদরের ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন, জেলা যুবলীগের সহ সভাপতি জাকিরুল আলম হেলাল, নগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, সাবেক ছাত্রলীগ নেতা জিএম আরাফাত, জেলা ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, ফতুল্লা থানা যুবলীগ সভাপতি মীর সোহেল প্রমুখ।