ঢাকা-নারায়ণগঞ্জ রুটে গণপরিবহন বন্ধ, যাত্রীদের তীব্র ভোগান্তি

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ২৩:০০

রাজধানী ঢাকার সঙ্গে পাশের জেলা নারায়ণগঞ্জের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। রোববার দুপুর ১২টার পর থেকে এ রুটে চলাচল করা সকল গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ব্যস্ততম এ রুটে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। অন্যদিকে বিএনপি দাবী করেছে, সরকার ভীত হয়ে গণপরিবহন বন্ধ করে দিয়ে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দুটি সড়ক দিয়ে গণপরিবহন চলাচল করে। একটি ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়ক ও অপরটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। রোববার দুপুর ১২টার পর থেকে এসব রুটে সকল প্রকার গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাগলা, সাইনবোর্ড সহ বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসানোর কারণে যেসব পরিবহন চলাচল করছে সেগুলো তল্লাশী করা হচ্ছে। লোকজন জরুরী প্রয়োজনে ঢাকা যাওয়ার চেষ্টা করলেও তাদেরকে পথিমধ্যে ফেরত আসত হচ্ছে।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় এ রুটের যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিভিন্ন পরিবহনের প্রতিদিন প্রায় ৪শ গাড়ি চলাচল করে যেখানে লাখো মানুষ যাতায়াত করে। বন্ধন পরিবহন মালিক সমিতির সভাপতি আইউব আলী জানান, বাস চালকেরা আতংকিত হয়ে ভয়ে গাড়ি নিয়ে বের হচ্ছে না। তবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জানান, বিএনপির নেতাকর্মীরা যাতে ৫ জানুয়ারী ঢাকায় যেতে না পারে সেজন্যই বাস চলাচল বন্ধ করে দিয়েছে। আর এতে করে অনেক সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।