এফএ কাপ

চতুর্থ রাউন্ডে আর্সেনাল, চেলসি, ম্যানইউ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ১১:১৪

রোববার রাতে ঘরের মাঠে হাল সিটির সঙ্গে ২-০ গোলে জিতে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে প্রতি অর্ধে একটি করে গোল করে স্বাগতিকরা। একটি গোল করা ছাড়াও অন্য গোলে অবদান রাখেন চিলির স্ট্রাইকার আলেক্সিস সানচেস।

খেলা শুরুর বিশ মিনিটের মাথায় আলেক্সিস সানচেসের ক্রসে হেড করে প্রথম গোল করেন জার্মানির ডিফেন্ডার পের মের্টেসাকার। আর ৮২তম মিনিটে স্পেনের মিডফিল্ডার সান্তিয়াগো কাসোরলার পাসে জয়সূচক গোল করেন সানচেস।

এদিকে এফএ কাপের দ্বিতীয় সারির দল ওয়াটফোর্ডকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে চেলসি। রোববার রাতে ইংল্যান্ডের ফুটবলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে ৩-০ গোলে জেতে জোসে মরিনিয়োর দল। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৮তম মিনিটে উইলিয়ানের নৈপুণ্যে এগিয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা চেলসি। ফরাসি স্ট্রাইকার লোইক রেমির পাস পেয়ে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলটি করে ব্রাজিলের এই মিডফিল্ডার। ৭০তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন রেমি। আর দুই মিনিট পর স্পেনের ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতার ক্রসে হেড করে তৃতীয় গোলটি করেন কুর্ত জুমা।
অন্যদিকে ইওভিলকে দুই গোলে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় সারির দলটির বিপক্ষে ২-০ গোলে জিতেছে লুইস ফন গালের দল। ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটির জয়ে একটি করে গোল করেন আন্দের এররেরা ও আনহেল দি মারিয়া।
৬৪তম মিনিটে ইংল্যান্ডের সফলতম দলটিকে এগিয়ে দেন স্পেনের এররেরা। ৯০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া। ওয়েইন রুনির কাছ থেকে বল পেয়ে গোলটি করেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।