নোয়াখালী জেলা শহর মাইজদীতে সোমবার বিএনপির কালো পতাকা ও বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ছয় বিএনপি কর্মীকে আটক করেছে। ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে শহরের মফিজ প্লাজার সামনে একটি সিএনজি অটো রিকশায় অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগের রাতে পুলিশ জেলা শহরের বিভিন্ন স্থান থেকে ১৬ বিএনপি কর্মীকে আটক করে।
সকাল ১১টার দিকে জেলা জজ কোর্ট সড়ক, জামে মসজিদ মোড়, শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে, হাউজিং এস্টেট এলাকায় ও দত্তের হাটে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সব স্থানে পুলিশ শর্ট গানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র হারুনুর রশীদ আজাদের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা নোয়াখালী প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে কালো পতাকা মিছিল নিয়ে জেলা জজ আদালত সড়ক অতিক্রমকালে পুলিশি বাধার মুখে পড়েন। এ সময় ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে পুলিশ পরিস্থিতি সামাল দিতে শর্টগান গুলি ছোড়লে কয়েকজন বিএনপি কর্মী আহত হন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দাবি, পুলিশের গুলিতে কমপক্ষে ১০ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
এদিকে সোনাইমুড়ি উপজেলা সদরে ১৪৪ ধারা জারি ভঙ্গ করে বিএনপি কর্মীরা মিছিল বের করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ টিয়ারশেল ও শর্ট গানের গুলি ছোড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপির ১০ কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় নেতারা।
জেলা শহর ছাড়াও গত রাতে চাটখিল ও কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে আরো ১৬ জনকে পুলিশ গ্রেফতার করে। পরে জেলা জজ আদালত এলাকায় ও প্রেস ক্লাবের সামনে বিএনপি সমর্থক আইজীবীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ারশেল ও শর্ট গানের গুলি ছুড়তে বাধ্য হন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি তিন প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অন্য দিকে নোয়াখালী থেকে দূর পাল্লার বাস ও সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
অপর দিকে গণতন্ত্র রক্ষা দিবস পাল উপলক্ষে জেলা শহরের আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিজয় মিছিল করেন। এবং জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সড়কে এক সমাবেশে স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
