পাবনায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ,ককটেল বিস্ফোরণ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ১৬:২২
 
পাবনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও পাঁচটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ জানুয়ারির নির্বাচনকে ‘কালো দিবস’ বলে পাবনা জেলা বিএনপি শহরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের ইন্দারা পট্টি মোড়ে পৌঁছালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হওয়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের একটি মিছিল মুখোমুখি হলে ধাওয়া- পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। বিক্ষোভকারীরা আব্দুল হামিদ সড়কে রাখা একটি প্রাইভেট কারসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করে। ভয়ে মানুষ দিগ্বিদিক ছুটতে থাকে। এ সময় ১২ জন আহত হয়েছেন। পুলিশ লাঠিচার্জ করে এবং ১২ রাউন্ড শর্টগানের গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে সকাল সাড়ে আটটার দিকে শহরে জাতীয়তাবাদী মহিলা দল একটি মিছিল বের করে।
এদিকে নাশকতার আশঙ্কায় পাবনা থেকে ঢাকাগামী কোন বাস ছেড়ে যায়নি বলে পরিবহন মালিক শ্রমিকরা জানিয়েছেন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, বিএনপির বিক্ষোভ মিছিল করার সময় বিক্ষুব্ধ কর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আহতের খবর তার জানা নেই বলে জানান।