রাজশাহীতে ১০ পেট্রোল বোমা ও ২৪ ককটেল উদ্ধার

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ১৭:৪৪
রাজশাহী মহানগরীতে ১০টি পেট্রোল বোমা ও ২৪টি তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাব। রবিবার গভীর রাতে মহানগরীর মেহেরচণ্ডির একটি আম বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বোমা ও ককটেল উদ্ধার করেছে র‌্যাবের একটি অপারেশন দল। 
র‌্যাব-৫ এর সিনিয়র এএসসি ড. মির্জা গোলাম সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল মেহেরচণ্ডি এলাকার ওই আমবাগানে অভিযান চালানো হয়। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পেট্রোল বোমা ও ককটেল বহনকারী সন্ত্রাসীরা কৌশলে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ১০টি পেট্রোল বোমা ও ২৪টি ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয় করে। তিনি আরও জানান,  পেট্রোল বোমা ও ককটেলগুলো সোমবারের কর্মসূচিতে নাশকতার উদ্দেশ্যে ব্যবহার করা হতো বলে তাদের কাছে তথ্য রয়েছে। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়েছে এবং জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে।