নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে লাঠিচার্জ-গুলি

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৫, ১০:৩৯
নারায়ণগঞ্জ শহরের খানপুরে মঙ্গলবার সকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের বেধড়ক লাঠিচার্জে জেলা বিএনপির সভাপতিসহ অন্তত ১০ জন আহত  হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করেছে। বিএনপি নেতা-কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি হাতবোমা ছুড়ে।
জানা গেছে, দেশব্যাপী বিএনপি চেয়ারপারসনের অবরোধের ডাকে মঙ্গলবার সকাল সাতটার দিকে শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে থেকে মিছিল বের করে নেতা-কর্মীরা। এতে নেতৃত্বে দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, নগর বিএনপির সেক্রেটারী এটিএম কামাল, মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ প্রমুখ।
মিছিলটি শহরের চাষাঢ়ার দিকে আসার সময়ে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জে তৈমুর আলম খন্দকার, মাকছুদুল আলম খন্দকার খোরশেদসহ অন্তত ১০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের পিপিএম জানান, বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটালে পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এতে বিএনপি নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।