রুবেলকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়ার রিট খারিজ

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৫, ১৭:২৮

বিশ্বকাপ স্কোয়াড থেকে ক্রিকেটার রুবেল হোসেনকে বাদ দেয়ার নির্দেশনা চেয়ে চিত্র নায়িকা নাজনীন আখতার হ্যাপির দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। হ্যাপির আইনজীবী শুনানিতে হাজির না হওয়ার কারণে এ রিট খারিজ করে দেয়া হয়েছে বলে জানান রুবেলের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামন আসাদ।
তিনি বলেন, হ্যাপির আইনজীবীকে বেলা আড়াইটার দিকে আদালতে হাজির থাকতে বলেছে হাইকোর্ট। কিন্তু তিনি ওই সময় আসেননি। এরপর বেলা চারটায় বিষয়টা শুনানির সময় ধার্য রাখা হয়। কিন্তু তিনি না আসায় আদালত মামলাটি খারিজ করে দেয়। সোমবার ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে হ্যাপি এ রিটটি দায়ের করেছিলেন।