মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর বাজারের মুদি ব্যবসায়ী শ্রী তাপস মন্ডলকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত ৯টার সময় তার দোকান থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের সময় দুর্বৃত্তরা হাতবোমার বিস্ফোরণ ঘটায়। তাপস মণ্ডল বাবুপুর গ্রামের বিল্লু মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার সময় ১০/১৫ জন অস্ত্রধারী ব্যক্তি তাপসের দোকানে প্রবেশ করে। তাকে জোরপুর্বক তুলে নেয়ার চেষ্টা করলে সে চিৎকার দেয়। এসময় বাজারে অবস্থানরত লোকজন এগিয়ে গেলে ৫টি বোমার বিষ্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বোমার শব্দে প্রাণভয়ে লোকজন এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। এ ফাঁকে তাপসকে অপহরণ করে মাহাজনপুর-কোমরপুর মাঠের দিকে চলে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে কোমরপুর পুলিশ ক্যাম্প ও মুজিবনগর থানা পুলিশের দুটি দল এলাকাবাসীর সহযোগিতায় ওই মাঠের চারদিকে অবস্থান নেয়। মাঠে খোঁজাখুঁজি করে তাপসের কোন হদিস মেলেনি বলে জানান মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। এখন পর্যন্ত কেউ অপহরণের দ্বায়-দায়িত্ব স্বীকার কিংবা মুক্তিপণ দাবি করেনি বলে জানান তিনি।
