সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আসামী হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ ব্যাপারে একটি আদেশ জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভা কার্যালয়ে প্রেরণ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়। এতে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে হবিগঞ্জ পৌরসভার মেয়র পদ শূন্য হওয়ায় পৌরসভার প্যানেল মেয়র-১ কে স্থানীয় সরকার (পৌরসভা) এর কার্য বিধিমালা অনুসরণ করে মেয়রের আর্থিক ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করা হল। আদেশ পাওয়ার কথা স্বীকার করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। তিনি জানান, এমন একটি আদেশের কপি তিনি পেয়েছেন। উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভার মেয়র জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় বর্তমানে কারাগারে আটক আছেন।
