গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে এক সংঘর্ষে আবু সাঈদ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বেতকাপা ইউনিয়নের নান্দিশহর গ্রামে এই ঘটনা ঘটে।
গুরুতর আহতদের মধ্যে বাচ্চু মিয়া (৪৮), চাঁন মিয়া (৪৫), লাল মিয়া (৫০), ওসমান আলী (৩০) হারুনুর রশীদ (৩২), মোখলেছুর রহমান (৪০), আব্দুল গফুর মিয়া (৫০) ও খালেক মিয়াকে (৪৭) পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মোখলেছুর রহমানের অবস্থা আংশকাজনক। তাৎক্ষনিক ভাবে বাকীদের নাম জানা যায়নি।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, নান্দিশহর গ্রামের একটি বিলের জমি নিয়ে ঐ গ্রামের ৪০ ঘর এবং আট ঘর নামে দুইটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই নিয়ে আদালতেও একাধিক মামলা বিচারাধীন আছে। বুধবার সকালে আট ঘর গ্রুপের লোকজন বিলের জমি দখল নিতে যায়। খবর পেয়ে ৪০ ঘর গ্রুপের লোকজন তাতে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আবু সাইদ নামে এক যুবক নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
