সিরাজগঞ্জ প্রতিনিধি
হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অবরোধকারীদের হামলায় ইসমাইল হোসেন (৩২) নামে এক সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর একজন। ইসমাইল হোসেন জেলার শাহজাদপুর উপজেলার জংলিদহ গ্রামের সমশের ফকিরের ছেলে। তবে আহত সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিন বুধবার ভোরে সিরাজগঞ্জের হাটিকুমরুল রোড গোলচত্বর থেকে ইসমাইল হোসেন একটি সিএনজি চালিত অটোরিক্সায় করে উল্লাপাড়ার দিকে রওনা হন। উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া এলাকায় সিএনজিটি পৌঁছালে মহাসড়কে ওঁৎ পেতে থাকা অবরোধকারীরা সকাল সাড়ে সাতটার দিকে সিএনজি অটোরিক্সাটির ওপর হামলা চালায়। এতে ইসমাইল হোসেন ও সিএনজি অটোরিক্সাচালক আহত হন। গুরুতর আহত ইসমাইল হোসেনকে প্রথমে উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুর পৌনে একটার দিকে তিনি মারা যান।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
