ডিএসইর কমিশন হার পুনর্নির্ধারণ

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৫, ১৮:৩৫
 
 
 
 
লেনদেন উত্সাহিত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের কমিশন হার পুনর্নির্ধারণ করেছে। ডিএসইর পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গেছে—ব্লক ট্রেড, ফ্লোর ক্রসিং এবং ডেলিভারি ভার্সেস পেমেন্ট (ডিভিপি) ট্রেডের ক্ষেত্রে ৫০ লাখ টাকা বা এর চেয়ে বড় আকারের প্রতিটি লেনদেনের কমিশন হবে  লেনদেনকৃত সিকিউরিটিজের মোট বাজারমূল্যের দশমিক ০১২৫ শতাংশ। অর্থাত্, প্রতি ১০০ টাকা লেনদেনে ১ দশমিক ২৫ পয়সা হারে ফি নেবে ডিএসই। এ ছাড়া, অন্য সব লেনদেনের ক্ষেত্রে ডিএসই তাদের ফি নির্ধারণ করেছে প্রতি ১০০ টাকায় ২ দশমিক ৫ পয়সা হারে। সর্বশেষ কমিশন নির্ধারণে সময় যা ছিল ৩ পয়সা। ডিএসই নির্ধারিত নতুন কমিশন হার চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর ধরা হবে। এরই মধ্যে হয়ে যাওয়া সব লেনদেনের ওপরও নতুন নির্ধারিত ফি কার্যকর করা হবে। স্বয়ংক্রিয় লেনদেন পদ্ধতির চালুর পর প্রথম দফায় ডিএসই হাওলা চার্জ উঠিয়ে লাগা চার্জ কিছুটা বাড়িয়ে নির্ধারণ করে। এরপর ফের কমিশন হার নির্ধারণ করার সিদ্ধান্ত নিল ডিএসই কর্তৃপক্ষ।
এ দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫ কোটি টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে শতকরা ১ দশমিক ৮ টাকা, ৫  কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে ১ দশমিক ৫ টাকা এবং ১০ কোটি টাকার বেশি লেনদেনের  ক্ষেত্রে শতকরা ১ দশমিক ৩ টাকা হারে চার্জ নেয়া হচ্ছে।