বাসে ঘুমানোই কাল হলো মুরাদের

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৫, ২০:০৪
যশোরে পার্কিং করা একটি বাসে অবরোধকারীরা আগুন দিলে বাসটির ভেতরে ঘুমিয়ে থাকা এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধ মুরাদ হোসেন(২৫) পেশায় একজন ট্রাকচালক।
উপশহর এলাকায় দুটি বাসে অবরোধ সমর্থকরা বুধবার ভোরে আগুন দেয়। এর একটি বাসের মধ্যে ঘুমিয়ে থাকা ট্রাক চালক মারাত্মকভাবে পুড়ে যান। তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কানুটিয়া গ্রামের তোরাব মোল্লার ছেলে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মুরাদের শরীরের ৪০-৪৫ ভাগ পুড়ে গেছে।
এর আগে মঙ্গলবার রাতে বারান্দিপাড়া ঢাকা রোড এলাকায় একটি বাসে আগুন দেয়া হয়। পুলিশ বাসে আগুন দেয়ার ঘটনায় সন্দেহভাজন ৮ জনকে আটক করেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বুধবার ভোর ৪টার দিকে যশোর উপশহর এলাকার খাজুরা বাস স্ট্যান্ডে আড়াইশ গজের ব্যবধানে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা একটি বাসের আগুন দ্রুত নিভিয়ে ফেললেও অপর বাসটি পুরোপুরি ভস্মীভূত হয়। ওই বাসটির ভেতরে থাকা ট্রাক চালক মুরাদ মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন।