পায়ে হেঁটে ১শ' মাইল

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৫, ২১:৫৬
 
রোভার স্কাউটের সর্বোচ্চ পুরস্কার 'প্রেসিডেন্ট পদক' এর জন্য মনোনীত হতে সোমবার রাতে মুন্সীগঞ্জ পলিটেকনিকের তিন শিক্ষার্থী পায়ে হেঁটে ১শ' মাইল অতিক্রম করে ময়মনসিংহের মুক্তাগাছা পৌঁছেছেন।
শিক্ষার্থীরা হলেন, কামরুজ্জামান, ফখরুল ইসলাম ও ওমর ফারুক। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে রোভার স্কাউটের ওই শিক্ষার্থীরা পায়ে হেটে ১শ' মাইল পথ অতিক্রম করে ময়মনসিংহের মুক্তাগাছা শহরে পৌঁছে।
মুন্সীগঞ্জ রোভার স্কাউটের কমিশনার অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী এই তথ্য নিশ্চিত করে জানান, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই হাঁটা উদ্বোধন হয়।
জেলা রোভার স্কাউটের সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বাদলের এই তিন শিক্ষার্থীর হাঁটার উদ্বোধনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এই তিন শিক্ষার্থীর হাঁটা কর্মসূচীর পৃষ্ঠপোষকতায় ছিলেন জেলা প্রশাসক নিজেই।
এর পর ১ জানুয়ারি সকাল সাড়ে ৮ টার দিকে নিজ শিক্ষা প্রতিষ্ঠান সদর উপজেলার মিরকাদিমের মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউশন প্রাঙ্গন থেকে পায়ে হেঁটে ১শ' মাইল অতিক্রমের উদ্দেশ্যে রওনা দেয় তিন শিক্ষার্থী। ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা ঘুরে এক শ' মাইল অতিক্রম করে ময়মনসিংহের মুক্তাগাছা শহরে পৌছায় ঐ তিন শিক্ষার্থী।
রোভার স্কাউটের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে প্রেসিডেন্ট পদক। এ পদকের জন্য মনোনীত হতে ১শ' মাইল পায়ে হেঁটে পরিভ্রমণ করতে হয়।