কালীগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভায় দলের একাংশের হামলা, নিহত ১, আহত ১০

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৫, ২৩:৫৯

গতকাল বুধবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আওয়ামী লীগের আরেক গ্রুপের হামলায় আনন্দ বিশ্বাস (৫০ ) নামে একজন নিহত হয়েছে। হামলায়  অন্তত ১০ জন আহত হয়েছে। ভাংচুর হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট আজিজুর রহমানের একটি মাইক্রো, একটি প্রাইভেট কার ও ১৫টি মোটর সাইকেল। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ৫ জনকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যশোর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রাতে  আনন্দ বিশ্বাস মারা যান।

অ্যাডভোকেট আজিজুর রহমান অভিযোগ করেন, কালীগঞ্জ পৌর কমিউনিটি সেন্টারে কালীগঞ্জ উপজেলা সম্মেলন উপলক্ষে  বর্ধিত সভা চলছিল। সেখানে তিনি, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দারসহ দলের জেলা পর্যায়ের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এ সময় দলের সংসদ সদস্য আনারুল আজিম আনারের  সমর্থিত গ্রুপ এসে হামলা করে। তারা গাড়ি, মোটর সাইকেল ও চেয়ার টেবিল ভাংচুর করে। এতে সভায় উপস্থিত বেশ কয়েকজন স্থানীয় নেতা কর্মী আহত হন। তবে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার জেলা সম্পাদকের আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ ঘটনার সাথে আদৌ জড়িত নন।
আহতদের মধ্যে আছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ইসরাইল হোসেন ও পৌর সভার প্যানেল মেয়র রেজাউল ইসলাম।  

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বিকাল ৪টার দিকে পৌর কমিউনিটি সেন্টার আওয়ামী লীগের সভায় হামলা হয়েছে। গাড়ি ও মোটর সাইকেল ভাংচুর হয়েছে। তিনি আনন্দ বিশ্বাস মারা যাওয়া নিশ্চিত করেছেন।