নেত্রকোনা কেন্দুয়া উপজেলার পাইকুড়া বাজার এলাকা থেকে বৃহস্পতিবার সকালে একটি বিদেশি পিস্তলসহ ৪ সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
শাহজাহান মিয়া নামে এক কৃষককে মাইক্রোবাস যোগে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় অপহৃতের চিৎকার শোনে স্থানীয় লোকজন ধাওয়া করে তাদের আটক করে এবং অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
আটকরা হলেন- চাঁদপুরের মতলব উপজেলার সোহরাব প্রধান (২২), রাজশাহীর বাঘা উপজেলার রায়হান (২৪), গাজীপুরের শ্রীপুর উপজেলার বাউনি গ্রামের রবিউল আলম (২৯) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুগদাপাড়া গ্রামের আমানুল্লাহ (২০)।
আটকের সময় অপহরণকারীরা এলোপাথারি গুলি ছুড়লে এখলাস ও ফারুক নামে স্থানীয় ২ ব্যক্তি গুলিবিদ্ধসহ অন্তত ৬ ব্যক্তি আহত হয়। গুলিবিদ্ধ ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলার গাতিপাড়া গ্রামের শাহজাহান মিয়ার সঙ্গে তার ভাতিজা সেলিম মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে ভাতিজা সেলিম চাচা শাহজাহানকে অপহরণ করার জন্য গাজীপুরের টঙ্গী এলাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে।
পরে বৃহস্পতিবার সকালে মাইক্রোবাস যোগে গাতিপাড়া গ্রামে এসে শাহজাহান মিয়াকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
