খুলনায় বিআরটিসি বাস ভাংচুর, ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৫, ১৭:৫১
দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিনে বিআরটিসির দু'টি বাস ভাংচুর করেছে পিকেটাররা। এ ঘটনায় খুলনা বিএনপির ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে  খুলনা সদর থানায় এসআই সোহেল রানা বিস্ফোরক ও ভাংচুরের অভিযোগ এনে এ মামলা দায়ের করেন। মামলায় মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাহারুজ্জামান মোর্তজা, মহানগর ছাত্রদল সভাপতি আরিফুজ্জামান আরিফ ও মহানগর যুবদল সভাপতি শফিকুল আলম তুহিনসহ ১১জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫ জনকে আসামি করা হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, সকালে নগরীর পিটিআই মোড় থেকে বিএনপির নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি পিটিআই ইনস্টিটিউটের কাছে পৌঁছালে বরিশালগামী দু'টি বিআরটিসি বাস ভাংচুর করা হয়। এক পর্যায়ে পুলিশ পিকেটারদের বাধা দিলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড টিয়ারশেল ও দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এসময় বাসে অবস্থানরত যাত্রীরা প্রাণভয়ে বাসের জানালা দিয়ে লাফিয়ে আত্মরক্ষা করেন। এ ঘটনায় শিশুসহ ছয়জন আহত হন।