পুঁজিবাজারে বৃহস্পতিবার ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক খাত ঘিরে বিনিয়োগকারীদের বেশি আগ্রহ দেখা গেছে। এ জন্য এ দুই খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। লেনদেনেও এ দুই খাতের প্রাধান্য ছিল। ব্যাংকিং খাতের তালিকাভুক্ত ৩০টি কোম্পানির মধ্যে ২০টি কোম্পানির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে। আর ৬টি কোম্পানির শেয়ারদর ছিল অপরিবর্তিত। ব্যাংক বহির্ভূত আর্থিক খাতেরও বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। লেনদেনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ দুই খাতে প্রায় ৫৮ কোটি টাকা লেনদেন হয়েছে। যা বাজারের মোট লেনদেনের প্রায় ২০ শতাংশ।
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৮৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৯৪ কোটি ২৯ লাখ টাকার। যা আগের দিনের চেয়ে ৩ কোটি ৫৪ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৪ লাখ টাকার। যা আগের কর্মদিবসের চেয়ে ৭ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৩৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের।
ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ায় ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে। আগামী রবিবার থেকে নতুন ক্যাটাগরি কার্যকর হবে। এ দিকে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডে আবেদন গ্রহণ শুরু হবে আগামী রবিবার থেকে। আবেদন গ্রহণ চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। প্রবাসী বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে পারবেন ২৪ জানুয়ারি পর্যন্ত। কোম্পানিটির প্রতি ইউনিটে নিট সম্পদ মূল্য ১৪ দশমিক ১২ টাকা। কোম্পানিটি শেয়ারবাজারে ১০ কোটি ইউনিট ছেড়ে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ৫০০টি ইউনিটে মার্কেট লট নির্ধারণ করা হয়েছে।
