সাতকানিয়ায় সাতকানিয়ায় দুর্বৃত্তের গুলিতে এক নারী নিহত হয়েছে। নিহতের নাম আনোয়ারা বেগম (৩৮)। তিনি বাহ্মণবাড়ীয়া বিজয় নগর থানার বামুটিয়া এলাকার মোহাম্মদ আমিনুর রশিদ খন্দকার প্রকাশ খোকনের স্ত্রী। তিনি গত ৮ নভেম্বর সাতকানিয়া উপজেলার এওচিয়ায় মেয়ের শশুর বাড়িতে বেড়াতে আসেন। ঘটনাটি ঘটে গত বুধবার দিবাগত রাত ৩ টায় এওচিয়া ইউনিয়নের ছনখোলা পল্লান বাড়ি এলাকায়।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ঘটনার রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা পল্লান বাড়ির হাফেজ আহমদ এর বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা হাফেজ আহমদ এর বাড়ির কক্ষে জানালার কাচ ভেঙ্গে গুলি চালালে তার মেয়ে চিৎকার দেয়। তার চিৎকারে পাশের কক্ষের আনোয়ারা বেগমের ঘুম ভেঙ্গে গেলে তিনি বিছানায় উঠে বসেন। এ সময় সন্ত্রাসীরা তার কক্ষের জানালার কাচ ভেঙ্গে এলোপাতাড়ি গুলি চালায়। আনোয়ারা বেগম কপালে গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। নিহতের পরিবার এ হত্যাকাণ্ডের জন্য এলাকার ত্রাস নজরুল ইসলাম মানিককে দায়ী করেন।
এ ব্যাপারে অভিযুক্ত নজরুল ইসলাম মানিকের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ ব্যক্তিগত ভাবে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করি। তিনি আরো বলেন, কে বা কারা ১জন নিরীহ নারীকে হত্যা করেছে আমি জানি না।
ঘটনার সাথে জড়িত সন্দেহে বৃহস্পতিবার বেলা ১টার সময় এলাকাবাসী উপজেলার এওচিয়া ইউনিয়নের আবদুল করিমের ছেলে মোঃ জসীম উদ্দীন (৪০), কক্সবাজার চকরিয়া এলাকার জামালের ছেলে আবুল কাশেম ও বাশঁখালী ছনুয়া এলাকার আবু বক্করের ছেলে রেজাউল করিমকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করে।
