শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৫, ০১:০২

শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছে এক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার আশুলিয়ার জামগড়া এলাকার ডিকে নিটওয়ার গার্মেন্টসে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।

শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে গত বুধবার শ্রমিকেরা কারখানার ভিতরে প্রবেশ করে কাজে যোগ না দিয়ে কারখানার ভিতরে ব্যাপক ভাঙচুর ও বিক্ষোভ করে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় কারখানা এক দিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে কারখানার ভিতরে অবৈধভাবে ভাঙচুর ও আন্দোলন করার অভিযোগে গতকাল ২৬ জন শ্রমিককে ছাঁটাই করে কারখানার মূল ফটকে তালিকাসহ ছবি টাঙিয়ে দেয়া হয়। আট শতাধিক শ্রমিক কারখানার ভিতরে প্রবেশ করলেও ২৬ জন শ্রমিককে কারখানায় প্রবেশ করতে বাধা দেয় নিরাপত্তা কর্মীরা। পরে ওই ২৬ জন শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ শুরু করলে শিল্প পুলিশ তাদের ধাওয়া দিয়ে কারখানার সামনে থেকে সরিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।