বিএনপি’র ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীকে শাহবাগ থানায় করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বনানী ডিওএইচএস’র বাড়ি থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।
ঢাকা মে্ট্রো পলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপকমিশনার মাসুদর রহমান জানান, গত ২৪ ডিসেম্বর বকশীবাজারে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরার সময় সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংসদ সদস্যের ওপর হামলার অভিযোগে একটি মামলা করা হয়। এ মামলা শমসের মুবিন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে।
