সিরাজগঞ্জে অবরোধকারী এক শিবির কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শিবির কর্মী আহত গাজীউর রহমান সিরাজগঞ্জ সদর হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলতলী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ছাত্র শিবির নেতা-কর্মীরা সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের বিলতলী এলাকায় অবরোধের সমর্থনে সিএনজি চালিত একটি অটোরিক্সা ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় স্থানীয় জনতা অবরোধকারীদের ধাওয়া করে শিবির কর্মী গাজীউর রহমানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। আহত গাজী সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
সিরাজগঞ্জ সদর থানার এসআই বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
