হামলাকারীদের ঘিরে ফেলেছে ফরাসি পুলিশ

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৫, ২২:৫০
 
প্যারিসে পত্রিকা অফিসে হামলাকারী দুই বন্দুকধারীকে ঘিরে ফেলেছে ফরাসি পুলিশ। প্যারিসের ৩৫ কিলোমিটার উত্তরে দামারতিন-এ-গোলে শহরে একটি ভবনে ঐ দুই হামলাকারী কয়েকজনকে জিম্মি করে রেখেছে। তার আগে প্যারিস থেকে পালানোর সময় তাদের গুলিতে আরো দুই জন নিহত হয়েছে বলে ফরাসি পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবর দিচ্ছে।
ভবনটিকে নিরাপত্তা বাহিনীর শত শত সদস্য ঘিরে রেখেছে। নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টারগুলোকে ভবনটির ওপর চক্কর দিতে দেখা যাচ্ছে। ভবনটির ছাদে অবস্থান নিয়েছে কমান্ডো সদস্যরা। গোলাগুলিতে আরো হতাহতের আশঙ্কা থাকায় একটি এয়ার এম্বুলেন্সকেও প্রস্তুত রাখা হয়েছে ঘটনাস্থলের পাশে।
পুলিশ দাবি করেছে, হামলাকারী ঐ দুই বন্দুকধারীর সাথে পুলিশ সদস্যরা যোগাযোগ করতে সক্ষম হয়েছে। হামলাকারীরা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, 'আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছি।'
হামলাকারীরা ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠির সাথে সম্পৃক্ত এবং তারা দুই ভাই এবং তারা ইয়েমেনে আলকায়েদার কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, এমন তথ্য জানিয়েছে ফ্রান্সের গোয়েন্দা কর্মকর্তারা। পত্রিকা অফিসটিতে হামলা করার সময় তারা জিহাদি স্লোগান দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে বিবিসি।
প্যারিসে শার্লি এবদু পত্রিকা অফিস হামলার তিন দিন অতিবাহিত হওয়ার পর দেশটির নিরাপত্তা বাহিনী হামলাকারীদেরকে সনাক্ত করতে সক্ষম হল। হামলাকারী সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে একজন মহিলা পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর তাদের পিছু নেয় পুলিশ। এর আগে ব্যঙ্গাত্মক পত্রিকাটির অফিসে তারা এলোপাথাড়ি গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করেছিল। সূত্র: বিবিসি, আলজাজিরা